ছোট গাড়ি বড় ঝুঁকি মোটরসাইকেল। চলতি বছর প্রথম ১০ মাসে সারা দেশে ১ হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ১২৩ জন। গত বছর একই সময়ে সারা দেশে ১ হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ২৬ জন নিহত হন। এ হিসেবে গত ১০ মাসে দুর্ঘটনা বেড়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৭১ দশমিক ৩৫ শতাংশ। এ তথ্য জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় মোটরসাইকেলে নিহত ১ হাজার ৭৫৮ জনের মধ্যে ১৪ থেকে ৪৫ বছর বয়সী ১ হাজার ৩২৭ জন (৭৫ শতাংশ)-এর মধ্যে ৬৬৯ জন শিক্ষার্থী ও ৭২ জন শিক্ষক। অন্যদিকে মোটরসাইকেলের ধাক্কায় ১৫১ জন পথচারী মৃত্যু বরণ করেছেন।
সারা দেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ মোটরসাইকেল রাস্তায় চলছে। এর মধ্যে রাজধানীতেই চলছে ১২ লাখের বেশি। অন্য বাহনের তুলনায় দ্বিচক্র যান মোটরসাইকেল ৩০ গুন বেশি ঝুঁকিপূর্ণ। দেশে চলাচলকারী যানবাহনের মধ্যে মোটরসাইকেল চালনায় কিশোর-যুবকরা অধিকাংশ সময় বেপরোয়া মোটরসাইকেল চালায়। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা না থাকায় এবং উচ্চ গতি সম্পন্ন মোটরসাইকেলের সহজ লভ্যতা যে অনেক সম্ভাবনাময় তরুণ প্রাণ ধ্বংস করছে, সেদিকে কারো নজর নেই। তাছাড়া পারিবারিক ভাবে সন্তানদের বেপরোয়া আচরণকে প্রশ্রয় দেওয়া, রাজনীতির পৃষ্ঠপোষকতায় কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর সংস্কৃতি, সর্বোপরি ট্রাফিক আইন না জানা এবং না মানার প্রবণতায় মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে।
সড়কে শুধু মোটরসাইকেল নয়, অন্যান্য যানবাহনও চলে এবং দুর্ঘটনায় পতিত হয়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ৬৭২টি দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী। বাস চালক ১৭৮টি দুর্ঘটনায়, ট্রাক চালক ৪৪৩টি দুর্ঘটনা, কাভার্ডভ্যান-পিক-আপ-ট্রাক্টর-ট্রলি চালক ১৫৮টি দুর্ঘটনায়, প্রাইভেট কার-মাইক্রো বাস চালক ৪৫টি দুর্ঘটনায়, থ্রি-হুইলারের (ইজি বাইক-অটো রিক্সা-আটো ভ্যান-নছিমন-ভটভটি-টমটম) চালক ৯৬টি দুর্ঘটনায়, প্যাডেল রিক্সা ও বাইসাইকের চালক ৯টি দুর্ঘটনায় এবং পথচারীর অসচেতনায় ৫২টি দুর্ঘটনা ঘটেছে।
সম্ভাবনাময় তরুণ প্রাণ ছাড়াও বয়স্ক যারা সড়ক দুর্ঘটনায় আহত নিহত হচ্ছেন, তার ক্ষতিপূরণ করা কারো পক্ষে সম্ভব নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নিহত ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিলেও আহত ব্যক্তিকে পঙ্গুত্বের অভিশাপ সারা জীবন বহন করে পরিবারের বোঝা হয়ে অন্যের করুণায় বাঁচতে হয়। তাই দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি। আমরা আর সড়ক দুর্ঘটনায় অনাকাক্সিক্ষত প্রাণহানি দেখতে চাইনা। তাই গন-পরিবহন ব্যবস্থা উন্নয়ন ও সহজ লভ্য করে মোটর সাইকেল ব্যবহারে নিরুৎসাহিত করার রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন জরুরী। এজন্য মাত্রাতিরিক্ত গতিসম্পন্ন মোটরসাইকেল উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মোটরসাইকেল চালানোর জন্য পথে আলাদা লেন চালুসহ সড়ক পরিবহন আইন-২০১৮ সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। সেই সাথে ছোট গাড়ির বড় ঝুঁকি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।