নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়ায় দলীয় নেতাকর্মীরা নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দেশে এ পর্যন্ত ৪২ শতাংশ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। দলীয় প্রার্থী আর বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে, এভাবে নিজেদের নেতাকর্মীদের মাঝে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেটা দূর করা কঠিন হবে। তাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখার দাবী জানাচ্ছি। মঙ্গলবার বনপাড়া পৌরসভা মিলনায়তনে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ দাবী করেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবীর, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা আ.লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আরিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আসাদ উজ্জামান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মমিন আলী, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ওয়াজেদ আলী সোনার, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান হারেজ, ইয়াসিন আলী ও বজলুর রহমান বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের স্থান, কাউন্সিলরদের তালিকা প্রস্তুত ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠণ করা হয়।