রংপুরের পীরগাছায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কৈকুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েক শতাধিক এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে পরাজিত সদস্য প্রার্থী সাবেক ইউপি সদস্য মোঃ মোন্নাফ মিয়ার সমর্থকরা। এ সময় তারা ওই ওয়ার্ডের প্রাপ্ত ভোট পূণরায় গণনা করে ফলাফল প্রকাশ করার দাবি করেন। বিজয়ী প্রার্থী ও তার লোকজন মোন্নাফ মিয়াকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে বিক্ষোভে ফেটে পড়ে তার কর্মী ও সমর্থকরা।
জানা গেছে, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। স্থানীয় দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নজর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে দুটি কেন্দ্রে একটি ওয়ার্ডের ভোট গ্রহন করা হয়। ভোটের ফলাফলে মোঃ মোজাম্মেল হক বৈদ্যুতিক পাখা প্রতীকের ১০৮১ ভোট পেয়ে বিজয়ী এবং মোঃ মোন্নাফ মিয়া তালা প্রতীকে ৯৩২ ভোট দেখানো হয়। এর মধ্যে দিলালপাড়া কেন্দ্রের ভোট সুষ্ঠু হলেও নজর মামুদ কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোন্নাফ মিয়া। ওই দিন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা দিয়ে চলে যান। এরই প্রতিবাদে গতকাল রোববার দুপুরে দিলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক শতাধিক এলাকাবাসী। তারা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তব্য দেন, পরাজিত প্রার্থী মোঃ মোন্নাফ মিয়া, তার রাখা এজেন্ট আবদুল আজিজ, গ্রমাবাসী নাজমুল ইসলাম, তবিবর রহমান, রিয়াজুল ইসলাম, মোস্তাফিজার রহমান তোতা, শাহিনুর বেগম, আমিনা বেগম ও পারুল বেগম। এ সময় বক্তাগণ বলেন, প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে আমাদের ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে। এতে আমাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা ওই কেন্দ্রে ভোট পূনরায় গণনা করে ফলাফল ঘোষণার দাবি জানাচ্ছি।
বিজয়ী প্রার্থী মোজাম্মেল হক বলেন, আমি প্রকৃত ভোটে নির্বাচিত হয়েছি। আর মোন্নাফ মিয়াকে কোন হুমকি-ধামকি দেয়া হয়নি।
এ বিষয়ে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা নেকমামুদ হাট অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তমাল কুমার চক্রবর্তী বলেন, সব প্রার্থীর নিয়োজিত এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।