পাখি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম কে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাব কনফারেন্স হলরুমে প্রথম আলোর ২৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দুইজন ব্যাক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অন্যজন হলেন নাটোর এন.এস সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলতাব হোসেন।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা অতিথি থেকে গুনীজনদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রথম আলো নাটোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, লাঠিবাঁশির প্রতিষ্ঠাতা আবদুস সালাম, আইজীবি সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, দিঘাপতিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবদুল কাদের সজল প্রমূখ।