চুরি হয়ে যাওয়ার চার মাস পর চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। একই সাথে আটক করেছে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর দলের তিন সদস্যকে। আটককৃতরা হলো, আখাউড়া পৌরশহরের দেবগ্রাম গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে শামিম(২০), তারাগনের আবুল কাশেমের ছেলে রাসেল মিয়া (২৪) এবং নবীনগর উপজেলার বিটিবিশারা গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল(২০)।
আটককৃতদের বৃহস্পতিবার বিকালে মামলাসহ আদালতে সপোর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই স্কয়ার ফার্মার আখাউড়া এরিয়ার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) নাফিউল ইসলাম পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার ভাড়া বাসার নিচে ঢাকা-মেট্রো-হ- ৪২- ৭৩২৬ রেজিষ্ট্রেশন নম্বরের টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেলটি রেখে দুপুরের খাবার খেতে দু'তলার ফ্ল্যাটে যান। বিকেল ৪ টার দিকে নিচে
নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। সংঘবদ্ধ একটি চোরের দল মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
পরে নাফিউল থানায় মামলা দিলে পুলিশ তদন্তে নামে।
১০ নভেম্বর বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই নিতাই দাস, এএসআই জাহাঙ্গীর ও এএসআই আলমগীরের সমন্বয়ে গঠিত আখাউড়া থানা পুলিশের একটি দল রাধানগরেরর তোফাজ্জল হোসেনের গ্যারেজের সামনে থেকে চোরাই মোটর সাইকেলসহ তিন চোরকে হাতেনাতে আটক করে। ওই তিন চোর মটরসাইকেলটি মেরামতের জন্য গ্যারেজের সামনে অবস্থান করছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আটককৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।