পাবনার ভাঙ্গুড়ায় জলাশয় নিয়ে বিরোধের জের ধরে পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত পিতা গোলাম ওহাব (৪২) ও তাঁর ছেলে রাজিব হোসেন কে (১৬ ) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের গদাই রুপসী গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের গোলাম ওহাব ও মোজাম্মেল হোসেনের মধ্যে একটি জলাশয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বুধবার সকালে গোলাম ওহাব পানি সেচের জন্য জলাশয়ে শ্যালো মেশিন বসান। এতে প্রতিপক্ষ মোজাম্মেল হোসেন গং গিয়ে তাঁদের শ্যালো মেশিন ভাংচুর করতে থাকে। এ সময় গোলাম ওহাব ও তাঁর পুত্র রাজিব বাঁধা দিতে গেলে মোজাম্মেল গং তাঁদের পিতা-পুত্রকে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মারাত্মক আহত অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদেরকে পাবনা জেনারেলহাসপাতালে রেফার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।