অবশেষে সকল জল্পনা-কল্পনা শেষে আজ সকাল থেকে শুরু হচ্ছে ভোট উৎসব। পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহন করা হবে। সকল প্রস্তুতি শেষে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী নিরাপত্তা বেষ্ঠুনীর মধ্যে ঢাকা রয়েছে গোটা পীরগাছা উপজেলা। সন্ধ্যার পর থেকে ম্যাজিষ্ট্রেট, পুলিশসহ আইনশৃংঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। উৎসবী ভোটাররা এখন সকালের সূর্যদয়ের অপেক্ষায় ক্ষণ গুণছে। একদিকে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলে বার বার বলা হলেও ফলাফল ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ প্রার্থীরাও চান ভোট সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ হোক।
বুধবার সকাল থেকে পুলিশ-আনসারদের কেন্দ্র নির্ধারন করে বিকেল ৪ টা থেকে দেয়া হয় নির্বাচনী সরঞ্জাম। সিরিয়াল ধরে প্রিসাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জাম নিয়ে ছুটটে থাকেন কেন্দ্রের দিকে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮ টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্রের ৬২৩টি কক্ষে সকাল থেকে ভোট গ্রহন করা হবে। এজন্য সকল প্রস্তুতি শেষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ৮টি ইউনিয়নে ২ লাখ ৩৯ হাজার ২৯৯ জন ভোটার তাদের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য ১১৭ জন প্রিসাইডিং অফিসার, ৬২৩ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও এক হাজার দুই শত ৪৬ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ, ৮ জন ম্যাজিষ্ট্রেট, ৪টি মোবাইল টিম, ১১৭ জন পিসি এবং এপিসি সহ এক হাজার ৯৮৯জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এদিকে উপজেলা ৮টি ইউনিয়নের মধ্যে ৫০টি কেন্দ্র ঝুঁিকপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৮টিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতে বেলা টহল জোরদার করা হয়েছে।
কথা হয় উপজেলার পারুল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ খাঁনের সাথে। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ফলাফল ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করে তাহলে আমি বিপুল ভোট জয়লাভ করবো। তবে অন্য প্রার্থীদের মতে নির্বাচনে কারচুপি করা হলে সাধারন মানুষ রাস্তায় নেমে আসবে। তাই আমরা সংঘাত এরিয়ে সুষ্ঠ নির্বাচন চাই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। কোন অনিয়ম করার সুযোগ নেই। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। সকাল ৮ টা থেকে ভোটাররা ভোট দিতে পারবে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছে। কোথায় কোন অনিয়মের খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩জন। সংরক্ষিত সদস্য পদে ১২০জন। সাধারণ সদস্য পদে ৩৩৬জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।