পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলামের বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মল্লিক। সোমবার বিকালে ওই ইউনিয়নের বোনকোলা বাজারস্থ বিদ্রোহী চেয়াম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্বাস আলী মল্লিক লিখিত বক্তব্যে বলেন আমি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম ও তার সমর্থক-কর্মীরা আমাকে তথা আমার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাঁধা সৃষ্টি করছেন। সেই সঙ্গে তিনি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতেও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্বাস আলী মল্লিক আরও বলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম ভোট কেন্দ্র জবর-দখল করে নির্বাচনে জয়লাভ করতে চায়। আর এরই লক্ষে তিনি প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় স্বশস্ত্র মহড়া এবং সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছেন। সর্বশেষ গত রোববার রাত সাড়ে ৭টার দিকে ওই শফিউল ইসলামের নেতৃত্বে তার স্বশস্ত্র ক্যাডার বাহিনী বোনকোলা বাজারস্থ আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আমার সমর্থকদের ওপর গুলি বর্ষণ করে। গুলিতে বোনকোলা গ্রামের মোতালেব হোসেন, সাগর হোসেন, ফজলুল হক, বিপুল হোসেন ও সাগর আলী আহত হয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন নির্বাচনে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিবে। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম তার পরাজয় নিশ্চিত ভেবে ভোট ডাকাতি করে নির্বাচনে জয়লাভ করার পাঁয়তারা করছেন। সংবাদ সম্মেলনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্বাস আলী মল্লিক ওই ইউনিয়নে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি এ ব্যাপারে উপস্থিত সাংবাদিকদেরকেও ভূমিকা রাখার আহবান জানান।