বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এদের মধ্যে শামছুল আলমের বাড়ি সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামে এবং আবুল হোসেনের বাড়ি কাদোয়া গ্রামে। দু’জন ঘনিষ্ঠ বন্ধু না হলেও তারা ১৯৭১সালে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধ করেছেন একই এলাকায়। শুধু তাই না দু’জনই ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাছাড়া দু’জনই সাবেক ইউপি চেয়ারম্যান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকা-ে দীর্ঘদিন দু’জন অভিন্ন পথে চললেও এবার ওই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে এই দুই বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে মুখো-মুখি হয়েছেন। তবে বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবং আবুল হোসেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান জানান, ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম উপজেলা আওয়ামী লীগর সহ-সভাপতি এবং বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাছাড়া দু’জনই সাবেক ইউপি চেয়ারম্যান। সেকারণে আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ওই ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা আ.লীগ নেতা আবদুল জব্বার বলেন দলীয় এবং বিদ্রোহী প্রার্থী দু’জনই শক্তিশালী এবং উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতা। আর সেকারণে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ, সভা, সমাবেশ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে নির্বাচনে জয়-পরাজয়ের বিষয়ে আগাম মন্তব্য করা কঠিন হয়ে পড়েছে। তবে বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন বলেন আমি জয়ের ব্যাপারে আশাবাদি। ভোট সুষ্ঠু হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুল আলম বলেন সাতবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের ঘাঁটি। কাজেই নৌকার বিজয় নিশ্চিত। এদিকে নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে উভয় প্রার্থী নির্বাচনী মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন। মাঝে মধ্যে এ নিয়ে উভয় প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হতেও দেখা যাচ্ছে। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটালে কোন প্রার্থীকেই ছাড় দেওয়া হবেনা।