পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম এবং বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মল্লিক মুখো-মুখি অবস্থান নিয়েছেন। নির্বাচনে উভয় প্রার্থী ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি নির্বাচনী মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীর ৩জন সমর্থক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা পর্যন্ত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু জানায়, ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও শক্তিশালী। তাছাড়া দুই প্রার্থীর মধ্যে একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরজন সাধারণ সম্পাদক। সেকারণে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকরা দুইভাগে বিভক্ত হয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এলাকার সচেতন মহল বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী মাঠে নামায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে উভয় প্রার্থী নির্বাচনী মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন। সেই সঙ্গে উভয় প্রার্থীর সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সঙ্গবদ্ধ হয়ে মহড়া দিচ্ছেন। যেকোন মুহূর্তে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটালে কোন প্রার্থীকেই ছাড় দেওয়া হবেনা।