পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়াম্যান প্রার্থীর সমর্থকদের ওপর স্বশস্ত্র হামলা হয়েছে। হামলাকারীরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা ছাড়াও নির্বাচনী অফিস ভাংচুর করে। এ সময় ৩জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রোববার রাতে ওই ইউনিয়নের বোনকোলা বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলামের সমর্থকরা ঐ হামলা চালায় বলে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মল্লিকের অভিযোগ। হামলায় গুলিবিদ্ধদের মধ্যে ঐ গ্রামের মিলন খানের ছেলে মোতালেব হোসেন (৩৮) কে পাবনা সদর হাসপাতালে এবং আবদুল মজিদের ছেলে সাগর হোসেন (৩২) ও মৃত- আবদুর রহমানের ছেলে ফজলুল হক (৫৫) কে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, রাত ৮টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলামের সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেরাই বোনকোলা বাজারস্থ তাদের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তারা বিদ্রোহী প্রার্থী আব্বাস আলী মল্লিকের সমর্থকরা তাদের অফিসে অগ্নিসংযোগ করেছে মর্মে অভিযোগ তুলে একই এলাকায় অবস্থিত বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের অফিস ভাংচুর করে এবং তার সমর্থকদের ওপর গুলি বর্ষণ করে। পরে বোনকোলা গ্রামবাসী এক হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম বলেন ঐ হামলার সাথে আমার কোন সমর্থক বা কর্মী জড়িত নাই। বরং বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আমার প্রচার মিছিলে হামলা চালিয়ে নৌকা প্রতীক ভাংচুর করেছে। এ ব্যাপারে সুজানগর থানায় মামলা হয়েছে। থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে সে যেইহোক তাকে ছাড় দেওয়া হবেনা।