নীলফামারী পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে। তথ্য অপুরণ থাকায় আরেক মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়। এদিকে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে ৪ জনের। ৪ অক্টোবর বিকালে যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। দেওয়ান কামাল আহমেদ আওয়ামী লীগ দলীয় এবং জহুরুল আলম স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করা প্রার্থী পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর রহমান। স্থগিত হওয়া অপর মেয়র প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাম নূরজ্জামান বুলেট। তিনি স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়ন বাতিল হওয়া কাউন্সিলররা হলেন, ১ নম্বর ওয়ার্ডের মামুনুর রশিদ, ২ নম্বর ওয়ার্ডের আমীর আলি, ৬ নম্বর ওয়ার্ডের মশিউর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের নূরুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রার্থীতার সমর্থনে দাখিল করা ভোটারের নাম ও স্বাক্ষরের কাগজে তথ্যের গড়মিল থাকায় মেয়র প্রার্থী মাহবুব-উর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে নূরজ্জামান বুলেটের দাখিল করা মামলা সংক্রান্ত কাগজপত্রে তথ্যের ঘাটতি থাকায় তার মনোনয়ন স্থগিত রাখা হয়। এ ছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকাসহ অন্যান্য কাগজপত্রের ঘাটতির কারণে ৪ কাউন্সিল প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বিষটি নিশ্চিত করে বলেন, ‘মেয়র পদে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র সঠিক ভাবে দিতে পারলে তারা বহাল হবেন। বাতিল হওয়া অপর প্রার্থীদের আপিল করার সুযোগ আছে।’ উল্লেখ্য, ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২ নভেম্বর মনোনয়ন পত্র জমার দেয়ার দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন এবং সাধারণ কাউন্সিল পদে ৬১, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ৯টি ওয়ার্ড রয়েছে এ পৌরসভায়। দ্বিতীয় শ্রেণীর এ পৌরসভায় ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে ৩৫ হাজার ৯৮১।