পাবনার সুজানগরে গম এবং সরিষাসহ বিভিন্ন রবি ফসলের আবাদ এবং ফলন বৃদ্ধির লক্ষে উপজেলার ৪হাজার ১‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে ঐ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঐ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উদ্বোধনী দিনে উপজেলার ১৩‘শ জন কৃষকের মাঝে ঐ সার ও বীজ বিতরণ করা হয়।