আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। পাবনা জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করেন বলেন,নৌকার বিরুদ্ধে যারা নির্বাচন করবেন,তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে শেষ দোয়া করা হয়। পরে রিটার্নিং অফিসারের নিকট পৃথক পৃথকভাবে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন,হরিপুর ইউনিয়নে মোঃ মকবুল হোসেন,গুনাইগাছা ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম,বিলচলন ইউনিয়নে আবুল কালাম আজাদ,নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি,মথুরাপুর ইউনিয়নে মোঃ শাহ আলম,পাশর্^ডাঙ্গা ইউনিয়নে মোঃ আজাহার আলী,ফৈলজানা ইউনিয়নে মোঃ হানিফ উদ্দিন,ডিবিগ্রাম ইউনিয়নে নবীর উদ্দিন মোল্লা ও ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান নুরু। হান্ডিয়াল ও মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম ও রাশেদুল ইসলাম বকুল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিবেন।