নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ একসাথে চার শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো নওগাঁ পৌর এলাকার আরজি নওগাঁ শেরপুর এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া আকতার (১০), ছেলে ফরহাদ হোসেন (৬), আবদুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা আকতার (৬) ও আনোয়ার হোসেনের মেয়ে আশা খাতুন (৮)।
স্থানীয়রা জানান, শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় ছয় সমবয়সী শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এদের মধ্যে চারজন পানির নিচে কাদায় আটকে যায়। বাকি দুইজন ময়না ও ফরিয়াদ বাড়ি ফিরে যায়। দীর্ঘক্ষণ চার শিশু বাড়ি ফিরে না আসায় স্বজনেরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। বিকেল ৩টায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ মাগরিব তাদের নামাজে জানাযা দাফন করা হয়।