ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপে কাঠের গুঁড়া ভর্তি বস্তা থেকে মিলল ৭১ কেজি গাঁজা, ৩ মাদক ব্যবসায়ী আটক।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে গাঁজাসহ তাদের আটক করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নেত্রকোনার জেলার পূর্বধলার চাঁন বালি ছেলে সুজন কুমার, মতিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও মৃত হাবিবুর রহমানের খাইরুল। শুক্রবার বেলা ১২টায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামীদের দখলে থাকা পিকআপটি তল্লাশী করে ৩০টি কাঠের গুঁড়া ভর্তি বস্তার মধ্যে ০৬টি বস্তা থেকে ৭১ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১টি পিকআপ’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।