নীলফামারীর কিশোরগঞ্জে ললিত চন্দ্র নামে এক কলেজ শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রণচন্ডী স্কুল এ- কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ওই কলেজ শিক্ষকের বাড়ি রণচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিফিনের সময় সোমবার দুপুরে ললিত চন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন অবিলের বাজারে আইনুলের চায়ের দোকানে যান। এ সময় ইউপি নির্বাচনি ঘটনাকে কেন্দ্র করে গভর্ণিং বডির সাবেক সদস্য মমিনুর রহমানের সঙ্গে তার বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে মমিনুর শিক্ষককের প্রতি ক্ষিপ্ত হলে স্থানীয় লোকজন তাকে নিবৃত্ত করেন। এ ঘটনায় পরে ওই কলেজ শিক্ষক মমিনুরের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগে দেন।
এব্যাপারে রণচ-ী স্কুল এ- কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, যতটুকু শুনেছি গতকাল বাজারে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। শিক্ষার্থীরা গতকাল প্রেক্ষাপট ভিন্নভাবে শুনে আজ ক্লাস বর্জন করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ফোন রিসিভ না করায় ওই শিক্ষকের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান বিমান জানান, নির্বাচনি বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে নৌকার কর্মী মমিনুরের তর্কাতর্কি হয়েছে। একটি মহল এঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।