মাঠে লিক লিক করে বের হচ্ছে আমন ধানের শীষ। কোথাও কোথাও পাক ধরেছে আগাম জাতের আমনের ক্ষেতে। পাকা ধান ঘরে তোলার স্বপ্নে চিক চিক করছে কৃষকের চোখ। মাঠের স্বপ্ন লালনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। কেননা মাঠের আধা-সবুজ আধা সোনালী ফসলের সাথে জড়িয়ে আছে তাদের ভালো থাকা না থাকার বিষয়। তাই শেষ সময়ের আমনের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে সবুজ ক্ষেতের মাঝে কোথাও উঁকি মারছে আগাম জাতের পেকে যাওয়া সোনালী ধানের শীষ। সবুজ আর সোনালী ক্ষেতের মিলনে যেন জুড়িয়ে যায় দুচোখ। বালাই আর কীটপতঙ্গ থেকে ধান রক্ষায় কৃষকরা কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছে। ফসলের মাঠে কীটনাশক স্প্রে করার সময় কথা হয় পদ্মপুকুর গ্রামের জুয়েল রানার সাথে। তিনি জানান এ বছর তিনি ৭বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। তবে ধান গাছ বড় হওয়ায় কিছু গাছ পড়ে গেছে। চলতি বছরে বিঘা প্রতি ১৮-২০মণ হারে ধান হবে বলেও মনে করেন এই চাষী। তবে ধান কাঁটার মৌসুমে বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া যাবে কিনা তা নিয়েও শংসয় প্রকাশ করেন তিনি।
চলতি আমন মৌসুমে পত্নীতলা উপজেলায় ২৭হাজার ৬শত ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে।