রংপুরের পীরগাছায় ইউপি নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিবর্তন করে নতুন করে ওই ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যুৎ কুমার রায়ের কর্মী ও সমর্থকরা। গত শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় নেকমামুদ হাইস্কুল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেয়া হয়। পরে এ নিয়ে দলের ভিতর সমালোচনা এবং বির্তক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়ন না পেয়ে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। সাত দিনের মাথায় গত বৃহস্পতিবার রাতে শাহিন সরদারকে নতুন করে মনোনয়ন দেয় মনোনয়ন বোর্ড। রিটানিং কর্মকর্তা বরাবর একটি পত্রও দেয়া হয় সাথে। বিষয়টি জানার বিক্ষোভে ফেটে পড়েন বিদ্যুৎ কুমার রায়ের পক্ষের লোকজন। তারা সন্ধ্যায় স্থানীয় হাইকুল মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুছ ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসবেকলীগের সদস্য ও মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, জেলা সদস্য মোকাব্বের হোসেন পাপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র রায়, তাম্বুলপুর ইউনিয়ন সভাপতি সঞ্জয় কুমার রায়, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। পরে রাত ৯ টার দিকে স্থানীয় নেকমামুদ বাজারে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত নেতাকর্মীরা। সমাবেশে আগামী ১১ নভেম্বরের ভোটে বিদ্যুৎ কুমারের নামে ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এবং তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বহাল রাখার দাবি করেন নেতাকর্মীরা।