বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটসহ নানা সমস্যায় চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ১৪ জন চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ৪ জন। উপজেলার অর্ধ লক্ষাধিক লোকের জন্য ডাক্তার রয়েছেন মাত্র একজন। এ ছাড়া জনবল সংকটে দীর্ঘ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে হাসপাতালের এক্সরে, ইসিজি মেশিন ও পরিক্ষানিরীক্ষার যন্ত্রাংশ। বিভিন্ন সমস্যার ফলে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। গত ৩ অক্টোবর ডাক্তার সংকট নিরসনসহ অন্যান্য সমস্যা সমাধানের লক্ষে উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এ সমস্যা বিরাজ করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ছেনা।
সুন্দরবন ঘেষা উপকুলীয় উপজেলা শরণখোলায় লোক সংখ্যা প্রায় এক লাখ ষাট হাজার। জানা যায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসেন দেড় থেকে দুইশত রোগী। এ ছাড়া জরুরি বিভাগে আসেন ৭০ থেকে ৮০ জন রোগী। এরপর ইনডোরের ভর্তি রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে ওই হাসপাতালের ৩ জন ডাক্তারকে। এর মধ্যে স্থানীয়দের দুর্ব্যবহারে সেচ্ছায় খুলনা আবু নাসের হাসপাতালে চলে গেছেন ডাক্তার আরিফুল ইসলাম রাকিব। বাকি রয়েছে ডাঃ ফয়সাল আহম্মেদ, ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস ও ডাঃ নাদিয়া নওরিন তাসনোভা। এদের মধ্যে রোগীর চাপ ও বাড়তি ডিউটির কারণে ডাক্তার ফয়সাল আহম্মেদও অন্যত্র চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
গত বুধবার সকালে হাসপাতাল ঘুরে দেখা গেছে ৪ জন ডাক্তারের মধ্যে ৩ জন নানা সমস্যার কারণে ছুটিতে রয়েছে। অধিকাংশ ওয়ার্ডের বাথরুম নোংরা হয়ে আছে। এ ছাড়া আউটডোরে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা টিকিট কাটা রোগীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে ডাক্তারের অপেক্ষায়। খোঁজ নিয়ে জানাগেছে ওই হাসপাতালে প্রাথমিক চিকাৎসা ছাড়া পাওয়া যায় না জটিল রোগের কোনো চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় জটিল রোগীদের পাঠানো হয় জেলা শহর অথবা খুলনা মেডিকেলে। এর ফলে চড়ম ভোগান্তিতে পড়ছে স্থানীয় শতশত রোগী ও তাদের স্বজনেরা। তাছাড়া পরিচ্ছন্নতা কর্মী না থাকায় দুর্গন্ধে বাথরুমে যেতে সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো পানিও থাকেনা। পঞ্চাশ শয্যার এ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় শয্যার অভাবে অনেক সময় মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছে রোগীদের।
এ হাসপাতালে ডেপুটেশনে আসা কর্ডিওলোজী সার্জন ডাঃ গোলাম মোক্তাদির খান বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরিকাল ৫ বছর অতিবাহিত হলেও পদোন্নতি দেয়া হয় না। যে কারণে উপজেলা পর্যায়ে চাকুরি করতে ডাক্তারদের অনিহা আসে এবং বদলি হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। জনস্বার্থে বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।
হাসপাতালের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফয়সাল আহম্মেদ বলেন, এত রোগীদের সামাল দিতে আমরা তিন জন ডাক্তার হিমসিম খাচ্ছি। এখানে বাড়তি চাপ সামলাতে গিয়ে কখনো কখনো আমাদের গোসল ও খাওয়া হয়না।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, এক লাখ ষাট হাজার মানুষের চিকিৎসার জন্য মাত্র তিন জন ডাক্তার রয়েছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। যাতে দ্রুত সময়ের মধ্যে এখানে ৫ থেকে ৭জন ডাক্তার দেয়া হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন এফএনএসকে বলেন, আমি যখন এই হাসপাতালে জয়েন্ট করি তখন থেকেই এখানে ডাক্তার সংকট ছিলো। এর মাঝে কয়েকজন ডাক্তার আসছে তাও আবার অন্যত্র চলে গেছে। এনিয়ে কয়েক বার স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি কিন্তু বর্তমানে ডাক্তার সংকটের কারণে শতশত রোগীদের চিকিৎসা দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটার ও পরিক্ষা নিরিক্ষা বন্ধ রয়েছে। একজন ডাক্তার অসুস্থ ও দুইজন পারিবারিক সমস্যার কারণে ছুটিতে রয়েছে। আজ একজন ডাক্তার ডেপুটেশনে দেয়া হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ এ প্রতিনিধিকে বলেন, শুধু শরণখোলায় নয় সারা দেশে ডাক্তার সংকট রয়েছে। এ সমস্য সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত শূন্য পদগুলোর তালিকা আমাকে দেয়া হলে সমাধানের চেষ্টা করব।