রংপুরে নারী ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উইমেন্স ড্রিমার্স ক্রিকেট
একাডেমি। সোমবার (১১ অক্টোবর) সকালে নগরীর এসোড ট্রেনিং সেন্টার এ সভার আয়োজন করা হয়।
সভায় সারা দেশের মধ্যে প্রথমবারের মতো রংপুরে বিনামূল্যে নারীদের ক্রিকেট প্রশিক্ষণের উদোগ নেয়া উইমেন্স ড্রিমার্স ক্রিকেট একাডেমির অগ্রযাত্রা ধরে রাখতে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠন, দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ছয়টি দল নিয়ে প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রমিলা ক্রিকেট দলের খেলোয়াড় সানজিদা ময়না, সমাজ উন্নয়নকর্মী ও বিশিষ্ট সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল মজিদ হিরু, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, সমাজ উন্নয়নকর্মী সেরাফুল ইসলাম হিমেল, নারী উদ্যোক্তা ইরা হক, মহিলা পরিষদ সম্পাদক রোমানা জামান, দৈনিক কালের কণ্ঠের রংপুর ব্যুরো স্বপন চৌধুরী, কোয়াবের যুগ্ম সম্পাদক হামিম আব্দুল্লাহ, উন্নয়নকর্মী শাহনাজ মনি প্রমুখ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড় ও জাতীয় প্রতিবন্ধী পরিষদের সভাপতি নাসিমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন্স ড্রিমার্স ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ আরিফা জাহান বিথী। সভা পরিচালনা করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ সদস্য খালেদা নাহার।