নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি জেলা কমিটির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেছে। গতকাল রোববার বিকেল দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে পত্নীতলা উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল হামিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ আলী বিশ্বাস, নির্মইল ইউয়িনের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, থানা বিএনপি’র সাবেক সভাপতি মোকছেদুর রহমান ছিরি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য হতে জানা গেছে, ১৩ আগস্ট ২০২১ তারিখে পত্নীতলা থানা বিএনপি’র আহ্বায়ক আনিসুর রহমান শেখ মারা যান। বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী আহবায়কের অনুপস্থিতিতে ১নং সভাপতি বা ১নং যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করবেন। কিন্তু অর্থলোভী জেলা বিএনপি’র আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান দলীয় গঠনতন্ত্রকে উপেক্ষা করে দলের মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে ভুল বুঝিয়ে দলের ১নং যুগ্ম আহ্বায়ক আক্কাস আলীকে বাদ দিয়ে নজিপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন। একই ব্যক্তিকে একাধিক দায়িত্ব প্রদান করায় কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয় যে, আওয়ামী লীগ সরকার বিএনপি কে টুকরো টুকরো করার চেষ্টায় ব্যর্থ হলেও হাফিজুর রহমান মাষ্টার জেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব গ্রহণের পর নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে জেলা বিএনপিকে খন্ড-বিখন্ড করে দিয়েছে। হাফিজুর রহমান মাষ্টারের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং অনতিবিলম্বে এই অসাংবিধানিক আদেশ বাতিল করার অনুরোধ জানানো হয়। অন্যথায় সকল নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।