প্রশাসনের অভিযানে একাধিকবার উচ্ছেদ করার পরও পাবনার চাটমোহরে বানার বাঁধ দিয়ে সোঁতিজাল স্থাপন করে বিল ও নদী দখল করে মাছ নিধন অব্যাহতভাবে চলছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া ও পাকপাড়া এলাকায় বাঁশ পুঁতে বেড়া দিয়ে সোঁতিজাল স্থাপন করেছেন। বিল ও নদী দখল করে ছোট-বড় মাছের সাথে কাঁকড়া,শামুক,ঝিনুক ও কীটপতঙ্গ নিধন করা হচ্ছে। এতে চাটমোহরসহ চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন একাধিকবার সোঁতিজাল উচ্ছেদ করেছে। কিন্তু উচ্ছেদের একদিন পরেই ফের স্থাপন করা হচ্ছে এই সোঁতিজাল। সোঁতিজালের সাথে বাধের বাঁশ কেটে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান,হান্ডিয়াল কাটা নদীর বিভিন্ন স্থানে ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে স্থান করা হয়েছে অবৈধ সোঁতিজাল। এই জালে সব ধররে মাছ আটকা পড়ছে। এতে সাধারণ মৎস্যজীবি ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান,আমরা সোঁতিজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। একাধিবার জাল উচ্ছেদ করা হয়েছে। এগুলো আবারো কাটা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,ইতোপূর্বে সোঁতিজাল অপসারণ করা হয়েছে। আবারো অবৈধ সোঁতিজাল অপসারণে অভিযান চালানো হবে।