দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিহাদী বই ও লিফলেটসহ মোঃ আবদুর রাকিব (২৪)নামে একজনকে আটক করেছে পুলিশ।
মোঃ আবদুর রাকিব জেলার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবল দিঘী গ্রামের মোঃ আবদুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড় নামক এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ঘন্টাব্যাপী অভিযানে বিপুল পরিমান জিহাদী বই, লিফলেটসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার এসআই মোঃ তহিদুল ইসলাম।
তিনি জানান, শিবিরের আস্তানা রয়েছে এবং সেখানে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিকেলে পৌরশহরের পোষ্ট অফিস মোড় নামক এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায়। অভিযানের বিপুল পরিমান জিহাদী বই, লিফলেটসহ একজনকে আটক করা হয়েছে। বাড়ীতে চারজন মিলে বসবাস করলেও পুলিশের অভিযান টের পেয়ে ৩জন পালিয়ে যায়।
বাড়ীর মালিক মোঃ আবদুল মজিদের ছেলে মোঃ আনোয়ার হোসেন এবং তিনি সিলেটে বসবাস করেন বলে জানিয়েছে প্রতিবেশিরা। এখানে রাতে এবং দিনে বিভিন্ন ধরণের মানুষ যাতায়াত করতে বলে তারা আরও জানিয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিবির নেতাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে। সেখানে কি ধরণের পরিকল্পনা হতো এবং কাদের যাতায়াত ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।