রংপুরে ১০ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীতে। টইটম্বুর হয়ে পড়েছে শ্যামাসুন্দরী খাল, কেডি ক্যানেল। তাই এর আশপাশসহ নিচু এলাকায় বসবাসকারীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠে ঢুকে পড়েছে পানি। শত বছরের রেকর্ড ভেঙ্গে গত ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত থেকে পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল রংপুরে। সরেজমিনে দেখা যায়, রংপুর নগরীর কামারপাড়া গণেশপুর, সাতগাড়া মিস্ত্রিপাড়া, মূলাটোল, নুরপুর, জলকর, নীলকন্ঠ, কুকরুল, স্টেশন মুসলিমপাড়া, বাবুপাড়া, পালপাড়া, নিউ সেনপাড়া, বাহার কাছনা মাস্টারপাড়াসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হাঁটু পানি ভেঙ্গে যাতায়াত করতে হয়েছে পুলিশ সদস্য ও সেবা নিতে আসা মানুষদের। পালপাড়া সড়কে শিশুরা ফুটবল নিয়ে খেলা করেছে। ওই রাস্তায় হাঁটুর উপরে পানি থাকায় রিক্সা, মোটরসাইকেল, গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করা করতে পারেনি। অধিকাংশ বাড়িতে পানি ঢুকে পড়েছে। সড়কে যারা পানি ঠেলে চলাচলের চেষ্টা করেছেন, সেই পানি আছড়ে পার্শ্ববর্তী বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। নীলকন্ঠ, মাস্টারপাড়া, কুকরুল এলাকার খাল-বিল পানিতে পরিপূর্ণ হওয়ায় মাছ ধরার উৎসব দেখা দিয়েছে অনেকের মাঝে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করছে। পরিচ্ছন্নতা শাখার সদস্যরা ময়লায় আটকে থাকা ড্রেনের মুখসহ ক্যানেলের উপর নির্মিত ব্রীজের মুখ পরিস্কার করছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাবে। এর আগে যারা সিটি কর্পোরেশন, পৌরসভার দায়িত্বে ছিলেন তারা জলাবদ্ধতার কোন স্থায়ী সমাধান করে যাননি, শুধু অঙ্গীকারই করেছেন। আমরা জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের জন্য শ্যামাসুন্দরী খাল উদ্ধার, সংস্কার ও পানি প্রবাহ ঠিক রাখতে একটি প্রকল্প তৈরী করেছি। ইতোমধ্যে ৮৮ লাখ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগ করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। যদি প্রকল্পটি একনেক বৈঠকে পাশ হয় তবে নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোঘ লাঘব হবে।