খুলনার পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নে শিবসা নদীর বিস্তীর্ণ এলাকা ভাঙ্গনরোধ ও মিনি সুন্দরবন গড়ে তোলা হচ্ছে। গড়ইখালী পরিবেশবাদী সংগঠনের ব্যানারে নবনির্বাচিত চেয়ারম্যান এ নয়া উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ শুরু করছেন। উপজেলায় গড়ইখালী ভাঙ্গন এলাকা খুদখালী থেকে ফকিরাবাদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা বছরের পর বছর ভাঙ্গছে। বার বার পরিবর্তন হচ্ছে বাঁধের স্থান। অবশেষে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিএম আবদুস সালাম কেরু নির্বাচিত হয়ে সামাজিক বণায়ন সৃষ্টির মাধ্যমে ভাঙ্গনরোধ ও মিনি সুন্দরবন গড়ে তোলার নয়া উদ্যোগ নিয়েছেন। সোমবার গড়ইখালী পরিবেশবাদী সংগঠনের ব্যানারে নব নির্বাচিত চেয়ারম্যান চর ভরাটে জায়গায় বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করে এর কার্যক্রম শুরু করেন। সামাজিক বণায়ন সৃষ্টি করে মিনি সুন্দরবন করতে সুন্দরী, বাইন, কেওড়া, উড়া ও গোলপাতার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠনের সভাপতি আরাফাত হোসেন রায়হান বলেন, সামাজিক বণায়নে নব নির্বাচিত চেয়ারম্যানের উদ্যোগে এ ধরনের মহৎ কাজের আগ্রহের কারণে এলাকার সুন্দর পরিবেশ যেমন সৃষ্ঠি হবে তেমনি রোধ হবে ভাঙ্গন। অভয়অরণ্য হবে পাখিকূলের। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার দিক দিয়ে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করা হবে।