পাবনার চাটমোহরে দুই নারী কীটনাশক বিষপানে ও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা দু’টি ঘটেছে গত শনিবার (২ অক্টোবর)। এ বিষয়ে থানায় পৃথক দু’টি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
শনিবার সকালে প্রেমিক কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে জ্যোতি আকতার জুঁই (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের জুয়েল সরকারের মেয়ে। এ বিষয়ে জুয়েল সরকার চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে,জ্যোতির সাথে প্রেমের সম্পর্ক হয় পাশর্^বর্তী তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের চক্রচুলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তাইজুল ইসলামের। গত শুক্রবার (১ অক্টোবর) তাইজুল ও জ্যোতি বেড়াতে যায়। সন্ধ্যায় জ্যোতিকে বাড়িতে রেখে যায়। এসময় জ্যোতির বাবা তাকে গলমন্দ করেন এবং তাইজুলের সাথে বিয়ের কথা বলেন। জ্যোতি তাইজুলকে বিয়ের কথা বললে তাইজুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ কারণে জ্যোতি সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
একইদিন পারিবারিক কলহের কারণে হান্ডিয়াল ইউনিয়নের সিদ্দিনগর গ্রামের জাফর আলীর স্ত্রী ওয়াজেদা খাতুন (৪০) গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন প্রথমে তাকে চাটমোহর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে পাবনায় নিয়ে যাবার সময় মারা যায়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্ত করে রবিবার পরিবারের কাছে হস্তান্তর করেছে। থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।