রংপুরের পীরগঞ্জে স্ত্রীর সাথে পরকীয়া দেখে প্রেমিককে পিটিয়ে হত্যা করেছে স্বামী। গত শনিবার রাতে উপজেলা সদরের সোনাকান্দর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান,পীরগঞ্জ উপজেলা সদরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী বালুয়া এলাকার রেনু মিয়ার পুত্র পারভেজ ইসলাম(২৮)এর সাথে সোনাকান্দর গ্রামের আমিনুলের স্ত্রীর মমতার(২২) দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই বাড়িতে যায়। ঘটনার আকস্মিকতায় আমিনুল বাড়িতে গিয়ে দু জনকে আপত্তিকর অবস্থায় দেখে লাঠি দিয়ে পারভেজের মাথায় ও শরীরে এলাপাথাড়ী প্রহার করে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় পারভেজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে সে মারা যায়। আমিনুল এর প্রহারে আহত স্ত্রী মমতা(২২)কেও আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পারভেজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মমতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। উল্লেখ্য,এদের ঘরে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘাতক আমিনুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।