বাগেরহাটের চিতলমারী উপজেলায় হারিয়ে যাচ্ছে মিষ্টি পানির দেশীয় প্রজাতির মাছ। হারিয়ে যাওয়া এসব মাছের স্বাদ ক্রমেই ভুলে যাচ্ছে এলাকার সাধারণ মানুষ।এক সময় উপজেলার বিভিন্ন খাল-বিল, পুকুর- ডোবায় প্রচুর দেশীয় প্রজাতির মিষ্টি পানির মাছ পাওয়া যেত। কিন্তু ওই সকল মাছ আগের তুলনায় এখন অনেকটা কম দেখা যায়।
প্রায় বিলুপ্ত হওয়া পাবদা,কৈ, রয়না, খৈলশে, মাগুর, বাইন, সরপুঠি, টেংরা, বেলে, শোল, গজাল,পুঠি,চান্দা, পাতাচেলা,শিং,সহ প্রভৃতি মাছ হাট বাজারে আগের তুলনায় বর্তমান অনেক কম। মাঝেমধ্যে হাট বাজারে কিছু দেখা গেলেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ।
চিতলমারী উপজেলার চাতরা,বলাইকলসী, খাগড়াবুনিয়া,নারানখালী, শ্রীরামপুর, বাওনখালী বিল সহ বিভিন্ন বিল থেকে দেশীয় প্রজাতির হরেক রকম মাছ ধরে এনে তা বাজারে বিক্রি করতেন এলাকার জেলেরা। কিন্তু খাল বিলে পানি কমে যাওয়ায় এবং চাষের জমিতে রাসায়নিক সার সহ কীটনাশক ব্যবহারের কারনে এসকল মাছের বংশ বৃদ্ধিতে ভাঁটা পড়েছে। ফলে দেশীয় প্রজাতির মাছ এখন কমে গেছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী বাদশা মুন্সীসহ অনেকে জানান, দেশীয় জাতের মাছের স্বাদই অন্য রকম; দামও বেশী। বর্তমান হাইব্রিড মাছের আমদানী বেশী। এগুলো খেতে কোন স্বাধ নেই।
এব্যপারে উপজেলা সি: মৎস্য কর্মকর্তা হোসেন জিল্লুর রহমান রিগান জানান, দেশীয় প্রজাতির মাছ যত্রতত্র ডিম ছেড়ে বংশ বিস্তারের মাধ্যমে বড় হয়। কিন্তু গ্রাম গঞ্জের মানুষ শুকনো মৌসুমে সামান্য পানি থাকা ডোবাগুলো সেচ করে এবং নির্বিচারে সকল মাছ নিধণ করে। ফলে মাছের বংশ বিস্তারে বাঁধাগ্রস্ত হয়। অপর দিকে ফসলী জমিতে কীটনাশক প্রয়োগে মাছের বংশ বিস্তারে সমস্যা হয়। রোগবালাই বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা নষ্ট হয়। ফলে মৎস্য আইন অমান্য করে মাছ ধরায়, বিলুপ্ত হচ্ছে দেশীয় জাতের মাছ।