খুলনার পাইকগাছায় পৌরসভা সংলগ্ন শিবসা নদী চর ভরাটি জমি দখল করে ধান রোপণ করছে ভূমি দস্যুরা। উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে নদী ভরাটী জমি এক প্রকার প্রতিযোগিতায় নেমেছে দখলকারীরা। পানি উন্নয়ন বোর্ডের পাশে শিবসা নদী দখল করে ধান রোপণ করা হচ্ছে। পলি পড়ে ভরাট শিবসা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। নদীর অধিকাংশ জায়গা দখল করে অনেকেই গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। নেমেছে দখলের প্রতিযোগিতায়। তৈরী করছে ভবন, মাছের ঘের, বসত বাড়ী, বাগ বাগিচা ও পুকুর। এখন চলছে ধান রোপণের প্রতিযোগিতা। ভিলেজ পাইকগাছার মোহর আলী গাজী ও আব্দুল গাজী শিবসা নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করে নিয়েছে। এ ব্যপারে পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, সরকারী নদী ভরাটি জমি অবৈধভাবে দখল করা অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাইকগাছা পাউবো উপসহকারী প্রকৌশলী মো. ফরিদউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি শুনেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক বলেন, সরকারী জায়গা দখল করে নেয়ার কারো কোনো সুযোগ নেই। এর ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে দখল মুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি অবগত নই। সার্ভেয়ারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এমন কোন ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে।