দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর রংপুরের পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন ৩৩ জন প্রার্থী। গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের নিকট এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা। এদিকে তফসিল ঘোষনার পর আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা পেতে দৌঁড়ঝাপ শুরু করেন প্রার্থীরা। তারা মোটর সাইকেল শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন ভোটারদের। পাড়া-মহল্লা ও চায়ের দোকানে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। কে হচ্ছে নৌকা প্রার্থী এ নিয়ে কেন্দ্রের দিকে ভোটাররা। গত শুক্রবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের নিকট নৌকা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন পারুল ইউনিয়নের ৩ জন, ইাকুমারী ইউনিয়নের ৪ জন, অন্নদানগর ইউনিয়নের ৩ জন, ছাওলা ইউনিয়নের ৬ জন, তাম্বুলপুর ইউনিয়নের ৮ জন, পীরগাছা সদর ইউনিয়নের ১ জন, কৈকুুড়ী ইউনিয়নের ৪ জন এবং কান্দি ইউনিয়নের ৪। আবেদনকারী সবাই আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের সাথে জড়িত বলে আবেদনে উল্লেখ করেন। এদিকে শুক্রবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রওশন জমির রবু সরদারের কর্মী-সমর্থকরা মোটর সাইকেল শোডাউন করেন। ওই ইউনিয়নের পশ্চিমদেবু, পরাণ, প্রতিপাল, বিরবিরিয়া, বীরনারায়ণ, নেকমামুদ, রামগোপাল, সোনারায়, তাম্বুলপুর, ঘগোয়া, রহমতচর, চর তাম্বুলপুর, নটাবাড়ীসহ বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। রওশন জমির রবু সরদার উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা। তিনি তিন বারের ইউপি চেয়ারম্যান।
রওশন জমির রবু সরদার বলেন, আমি তিনবার নির্বাচিত চেয়ারম্যান। বিগত নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হই। এ বছর আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন জানান, আবেদনপত্র গুলো যাচাই-বাচাই করে জেলায় পাঠানো হবে। তারা সুপারিশ করে প্রতীক বরাদ্দের জন্য কেন্দ্রে পাঠাবেন। তবে আমরা চাই সৎ, যোগ্যরাই আওয়ামীলীগের মনোনয়ন পাক।