পাবনার সুজানগরে পেঁপে চাষ করে আব্দুল মালেক নামে এক কৃষকের মুখে হাসি ফুটেছে। সেই সঙ্গে তিনি এখন এলাকায় একজন সফল পেঁপে চাষী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। উপজেলার চরভবানীপুর গ্রামের মৃত-জহির উদ্দিন প্রামাণিকের ছেলে এই আব্দুল মালেক এক সময় একজন সাধারণ সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে পেঁপেসহ বিভিন্ন সবজি কিনে সুজানগর পৌর বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তবে তিনি সাধারণ সবজি ব্যবসায়ী হলেও ছোট সময় থেকেই স্বপ্ন ছিল পেঁপে বাগান করার। ঠিক যেকথা সেই কাজ। গত ৫/৬ বছর আগে তিনি প্রতিবেশিদের কাছ থেকে ৫বিঘা জমি লিজ নিয়ে পেঁপে আবাদ শুরু করেন। প্রথম বছরেই পেঁপে চাষ করে খরচ বাদে তিনি লক্ষাধিক টাকা লাভ করেন। এর পর তিনি মনেপ্রাণে ঝুঁকে পড়েন পেঁপে চাষে। বর্তমানে তিনি ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে নিজ বাড়ির অদূরে গড়ে তুলেছেন বিশাল পেঁপে বাগান। পেঁপে চাষী আব্দুল মালেক বলেন মাত্র ৫বিঘা জমি লিজ নিয়ে শুরু করা তার ঐ পেঁপে বাগান আস্তে আস্তে উপজেলার মধ্যে সব চেয়ে বড় পেঁপে বাগানে পরিণত হয়েছে। শুধুু তাইনা তার বাগানের পেঁপে অত্যান্ত সুস্বাদু এবং বড় বড় আকৃতির হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। সুজানগর পৌর বাজার ছাড়াও তার বাগানের পেঁপে জেলার অধিকাংশ হাট-বাজারে পাইকারি বিক্রি করা হয়। প্রতি বছর শ্রমিক ও অন্যান্য খরচ বাদে ঐ পেঁপে বাগান থেকে তার প্রায় পাঁচ লক্ষ টাকা আয় হয়। ফলে এক সময় তার সংসার খঁড়িয়ে খুঁড়িয়ে চললেও বর্তমানে বেশ ভাল চলছে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন পেঁপে চাষে মালেকের সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক পেঁপে চাষে ঝুঁকছেন। আশা করছি আগামী ২/৪বছরের মধ্যে উপজেলায় ব্যাপকভাবে পেঁপে চাষ হবে।