রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কেশরহাট বাজারে মহাসড়ক দখল করে তৈরি করা হয়েছে অটোরিকশা ও সিএনজি'র স্ট্যান্ড। এ সড়কে সব সময় অটোরিকশা ও সিএনজি দাঁড়িয়ে থাকায় যানজট এ সড়কের নিত্যসঙ্গী। ফলে গাড়ি চলাচলে প্রতিদিন সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
স্থানীয়রা জানান, এ সড়কের এক পাশে সিএনজি এবং অপরপাশে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিরা জানলেও নেওয়া হচ্ছে না কার্যকর কোন পদক্ষেপ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের মাঝে পৌর সদরে কেশরহাট বাজার। কেশরহাট বাজারের তিনটি স্থানে রয়েছে তিন রাস্তার মোড়। সব মিলিয়ে কেশরহাট একটি ব্যস্ততম হাট। কিন্তু রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশার সারি, অন্যপাশে রয়েছে সিএনজি'র সারি। মহাসড়কের দুপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলের জায়গা খুবই কম। এতে প্রতিদিন যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ফলে তিন রাস্তার মোড় প্রায় সময় ভিড় লেগে থাকে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন ও মাইনুল ইসলাম বলেন, কেশরহাটে 'বাজার করতে, আসলে মানুষের বিরক্তির শেষ থাকে না। মহাসড়ক দখল করে চালকেরা অটোরিকশা ও সিএনজি,র স্ট্যান্ড বানিয়েছে। গাড়ি ঠিকমতো আসা-যাওয়া করতে পারে না। যানজট এখানকার নিত্যসঙ্গী। অটোরিকশা ও সিএনজি,র স্ট্যান্ড মহাসড়ক থেকে সরিয়ে অন্য কোন ফাঁকা জায়গায় তৈরি করলে সবার জন্য ভালো হয়।' কয়েকজন যাত্রী বলেন, 'তারা প্রায়ই এ মহাসড়ক দিয়ে কেশরহাট থেকে রাজশাহী ও নওগাঁ শহরে যাতায়াত করেন। কিন্তু কেশরহাট বাজারে আসলে দেখা যায় চরম জ্যাম। চোখের সামনে রাস্তা দখল করে কীভাবে অটোরিকশা ও সিএনজি,র স্ট্যান্ড বানিয়েছে সেটি বোধ হয় কারও চোখে পড়ছে না।'
এ বিষয়ে ট্রাকচালক মনিরুল ইসলাম বলেন, কেশরহাট বাজারের রাস্তা দখলের কারণে গাড়ি চলাচলের জায়গা একেবারে নেই বললেই চলে। সব সময় রাস্তার ওপর রাখা হয় অটোরিকশা ও সিএনজি । বড় কোন গাড়ি এ রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না।' মহাসড়কের দুপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় প্রতিদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কেশরহাটে সড়কে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজি,র কয়েকজন চালকের সাথে এ বিষয়ে কথা হয়। তারা বলেন, আমরা কোথায় যাব? দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এখানে। বাধ্য হয়ে কখনো রাস্তার পাশে, কখনো রাস্তার ওপরই গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে যাত্রী পাওয়া যায় না। প্রশাসন আমাদের অন্য কোন জায়গা দিক, আমরা সেখানে চলে যাব।'
এ বিষয়ে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ বলেন, 'আমি পৌরসভার পক্ষ থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তারপরও পৌর ট্রাফিক পুলিশ নিয়োগ করে সেখানে যানজট নিরসনের জন্য চেষ্টা করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আমাদের পরিকল্পনা আছে, বাজার থেকে একটু দূরে কীভাবে অটোরিকশা ও সিএনজি,র স্ট্যান্ডকে সরিয়ে নেয়া যায়। পৌর মেয়রের সাথে কথা বলে এটা সমাধান করতে হবে।