নাটোরে মুক্তিপণ আদায় করতে মধ্যযুগীয় কায়দায় ফয়সাল হোসেন নামের এক দোকান কর্মচারীর আঙ্গুলের নখ উপড়ে নেওয়ার মামলায় পুলিশ আরো দুই যুবলীগ নেতাকর্মীকে আটক করেছে। এ নিয়ে চার অভিযুক্তকে আটক করলো পুলিশ। তবে এখনো প্রধান অভিযুক্তরা ধরা ছোয়ার বাহিরে রয়েছে। বৃহস্পতিবার রাতে আটক এজাহার ভুক্ত আসামী নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ ও মোহাম্মদ মনিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে নাটোর সদর উপজেলার নবীনগর গ্রাামের ইসাহাক আলীর ছেলে একরাম হোসেন ওরফে সুমন (৩৭) এবং শহরের চকরামপুর মহল্লার আনিসুর রহমানের ছেলে মো. আবির হোসেন (২৫) আটক করেছিল পুলিশ। এর আগে ব্যবসায়ী আব্দুস সালাম নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, তার ভাই যুবলীগ সদস্য রবিউল আওয়াল বাপ্পি, পৌর ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল শুভসহ ৮ জনকে আসামি করে অপহরন করে নির্যাতন ও আটকে রেখে চাঁদা দাবীর অভিযোগে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, ব্যবসায়িক লেনদেন নিয়ে একরাম হোসেন সুমনের সঙ্গে শহরের কানাইখালি এলাকার মোবাইল ব্যবসায়ী আব্দুস সালামের বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে মো. আবির এবং সুমনের সহযোগিতায় রবিউল আওয়াল বাপ্পি, মোহাম্মদ মনি তাকে ও তার দোকানের কর্মচারী ফয়সালকে মোটরসাইকেলে তুলে শহরের কানাইখালী এলাকায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর দোকান কর্মচারী ফয়সালকে তারা চোর বলে দাবি করে তার কাছে তিনলাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করলে তার সামনেই ফয়সালের বাম হাতের তর্জনী আগুুলের নখ উপড়ে ফেলা হয়। এসময় বাড়ি থেকে এই ব্যবসায়ীকে তার বউ এর গহণা নিয়ে আসতে বলা হয়। ব্যবসায়ী আব্দুস সালাম জানান, তিনি তার ব্যবহৃত আর-ওয়ান-ফাইভ মডেলের মোটরসাইকেলটি এ সময় অভিযুক্তদের দিয়ে দিলেও তারা আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আব্দুস সালাম টাকার জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে নাটোর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নির্যাতিত কিশোর ফয়সাল ও মোটরসাইকেলটি উদ্ধার করে এবং আহত ফয়সালকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।