খুলনার পাইকগাছায় অল্পের জন্য বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। বুধবার সকালে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহের ঠিক পূর্ব মুহুর্তে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহটি বন্ধ হয়। তবে শুক্রবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আর একটি বাল্যবিবাহের আয়োজন চলছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। কনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আর বর অপ্রাপ্ত বয়স্ক। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রাড়ুলী গ্রামের লুৎফর গোলদারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে লস্কর গ্রামের নান্টু গাজীর ছেলে নাঈম গাজীর সাথে বিবাহের আয়োজন করে। আইনজীবী সমিতির একটি কক্ষে নোটারী পাবলিকের মাধ্যমে এ বিবাহের ব্যবস্থা করা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান চালালে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় নাবালিকা মেয়ে ও তার পিতাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে তার অভিভাবকের কাছ থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও আনসার সদস্য ফয়সাল।