বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর বিমানবন্দর চত্বরে যশোর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পর্যটন শহর কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ফ্লাইট চালুর কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। নতুন করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। পর্যায়ক্রমে যশোর বিমানবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, যশোর -১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম, খুলনা রেঞ্জের ডিআইজিপি খন্দকার মহিদ উদ্দীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার থেকে যশোর চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এ ফ্লাইট প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল নয়টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। আর বিকেল পাঁচটা দশ মিনিটে যশোরের উদ্দেশে ফিরে আসবে। এ ছাড়া প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার দুপুর একটা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল তিনটা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে উড্ডয়ন করবে।
ট্যাক্স ও সার চার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ছয় হাজার এবং রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এ ছাড়া যশোর থেকে কক্সবাজরে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া সাড়ে ছয় হাজার এবং রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা।