পাবনার বেড়া উপজেলার স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শ্রেণির ফাস্ট গার্ল অরিন (৮) ফুড পয়জনিং এর লক্ষণ নিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সন্ধ্যায় বড়িতে তৈরি নাশতা খাওয়ার পরে তার পেটে ব্যথা শুরু হয়। স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মনিরা পারভীন সোমবার রাতে অরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অরিন পাবনার বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের ছাবু মৃধার মেয়ে।
ছাবু মৃধার প্রতিবেশী ও বেড়া উপজেলার ঢালারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, ওইদিন সন্ধ্যায় অরিন বাড়িতে তৈরি নুডুলসের নাশতা খায়। এর কিছুক্ষণ পর তার পেটে ব্যথা ও অন্যান্য কিছু উপসর্গ দেখা দেয়। এ সময় অরিন তার মায়ের কাছে ‘লাল চা’ বানিয়ে দেয়ার আব্দার করে। সে বলছিল ‘মা, লাল চা খেলে আমি ভাল হয়ে যাব।’ তার মা তাকে লাল চা বানিয়ে খাওয়ান। এরপরও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর রাতেই তাকে কাশিনাথপুরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতেই থাকে। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১ টার দিকে সে মারা যায়। আবদুর রশিদ জানান, এ ফুটফুটে ও মেধাবী শিশুটির মৃত্যু তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও কাঁদিয়েছে।
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মনিরা পারভীন জানান, ২০১৮ সালের জানুয়ারিতে অরিন প্লে গ্রুপে ভর্তি হয়েছিল। প্রথম সাময়িক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন। তিনি জানান, আমার ১৫ বছরের স্কুল শিক্ষকতার জীবনে প্রাথমিকের কোন শিক্ষার্থীকে এত চমৎকার হস্তাক্ষরে লিখতে দেখেননি। তার সুন্দর হাতের লেখার জন্য তার বাবাকে তিনি ব্যক্তিগতভাবে ডেকে অভিনন্দন জানান। শিশুটিকে তার হাতের লেখার জন্য বাহবা দেন। প্লে গ্রুপ থেকেই স্কুলে অরিন ক্লাসে ১ম হতে থাকে। ক্লাস ওয়ানে সে ১ম ছিল। দ্বিতীয় শ্রেণিতেও সে ফার্স্ট গার্ল ছিল।
মনিরা পারভীন আরো জানান, প্লে গ্রুপের বার্ষিক পরীক্ষার খাতাটি ফটোকপি করে অরিনের অভিভাবককে তিনি দিয়েছিলেন। খাতাটি স্মৃতি হিসেবে রেখে দেয়ার জন্য বলেছিলেন অভিভাবকদের। তিনি জানান, সেই খাতাটিসহ অরিন এখন শুধুই স্মৃতি।
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ জানান, অরিনের তার মৃত্যুতে স্কাইলার্ক স্কুল পরিবার গভীরভাবে শোকাহত।