পাবনার সুজানগরে বখাটের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় স্কুল- কলেজে পড়-য়া ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা জানায়, স্কুল-কলেজে যাওয়ার সময় হলে কতিপয় বখাটে ছেলেরা স্কুল-কলেজে যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকে। যে সময় ছাত্রীরা ঐ সকল রাস্তা দিয়ে স্কুল-কলেজে যায় তখন তারা তাদের পিছু নেয় এবং অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। অনেকে আবার প্রেম নিবেদনও করে থাকে। সেই সঙ্গে ছাত্রীরা সুজানগর পৌর বাজারে কেনা-কাটা করতে গেলে বখাটেরা তাদের পিছু নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেও ভুক্তভোগী ছাত্রীরা জানায়। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ৯ম শ্রেণির একজন ছাত্রী জানায়, গত রোববার সকাল ৯টার দিকে সে প্রাইভেট পড়া শেষ করে বিদ্যালয়ে আসছিল। এ সময় মুখে মাস্ক পড়া এক বখাটে যুবক বিদ্যালয়ের পূর্ব গেট এলাকা থেকে তাকে প্রেম নিবেদন করে। একপর্যায়ে ঐ ছাত্রী তাকে থানা পুলিশের ভয় দেখালে সে পালিয়ে যায়। ঐ বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানায়, ইতঃপূর্বে তাদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল কদ্দুস বলেন শিগগিরই বখাটেদের উপদ্রব বন্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।