প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। এদিন দেশে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাবনার চাটমোহর উপজেলায় ১টি ইউনিয়নের টিকা কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এই টিকা প্রদান করা হয়। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যেকটিতে দেড় হাজার করে মোট ১৬ হাজার ৫০০ ও পৌরসভাসহ নিয়মিত টিকাদানের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়। কিন্তু বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া এই গণটিকা নিতে ভোর থেকেই সকল টিকা কেন্দ্রে জমায়েত হয় টিকা গ্রহণকারীরা। সকাল ৯টার আগেই হাজার হাজার নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন তারা। কিন্তু দুপুরের মধ্যেই টিকা শেষ হয়ে যায়। টকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান অসংখ্য মানুষ।
বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় হাজার হাজার নারী-পুরুষ টিকার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবীরা হিমশিম খাচ্ছেন তাদের নিয়ন্ত্রণে।
উপজেলার হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানালেন সকাল ৯টার মধ্যেই অন্তত: ৪ হাজার নারী-পুরুষ ইউপি কমপ্লেক্সে জমায়েত হন। কিন্তু সকাল সাড়ে ৯টার পর টিকা নিয়ে আসেন হাসপাতাল থেকে টিকাদাতারা।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক জানালেন,মাত্র ১৫ শত টিকা দেওয়া হবে। অথচ কয়েক হাজার নারী-পুরুষ এসেছেন টিকা নিতে। টিকা গ্রহণকারীদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন,বিশেষ ক্যাম্পেইনে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের যেকোনো একটি ওয়ার্ডে একটি কেন্দ্র খোলা হয়। সকাল নয়টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলে। এ ছাড়া নিয়মিত কেন্দ্রে টিকাদান কার্যক্রমও অব্যাহত ছিল।