পাবনার সুজানগরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম, আবদুল হাই ও সুজানগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিশ্বাস করেন সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীকে পিছে রেখে দেশের জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। সেকারণে বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে তিনি সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া ঐ সকল জনগোষ্ঠী যাতে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সে লক্ষে প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন। তবে ঐ সকল কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আশা প্রয়োজন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।