চাটমোহর-পাবনা সড়কের মহেষপুর এলাকায় মাছের পোনাবাহী পিকআপ ও সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে। নিহত মহিলা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের গোলাম মোস্তফা সরকারের স্ত্রী আলফা বেগম (৪৫)। আহতরা হলেন নিহতের স্বামী গোলাম মোস্তফা সরকার (৫০),পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দাসদীঘি গ্রামের আফছার আলীর ছেলে হাফিজুর রহমান (২৫) ও সিএনজি চালক (৩০)।
জানা গেছে,চাটমোহর থেকে যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল সিএনজিচালিত থ্রি-হুইলারটি। পথিমধ্যে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী পিকআপের মুখোমুথি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা নেবার পথে আলফা বেগম মারা যান। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও সিএনজি জব্দ করে। থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও সিএনজি জব্দ করেছে। নিহত বা আহতদের খোঁজ নেওয়া হচ্ছে। পরবর্তী অইনগত ব্যবস্থা নেওয়া হবে।