চাটমোহর উপজেলার বড়াল নদীতে ডুবে নিখোঁজ হওয়া বিধবা নারীর লাশ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার করা হয়েছে। পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা এলাকায় বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ির পাশে বড়াল নদীর ঘাটে গোছল করতে গিয়ে সে পানিতে পড়ে নিখোঁজ হন। মৃত নারী হলেন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মৃত আ: লতিফের মেয়ে ছারেদা বেওয়া ছারু (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়,ছারেদা বেওয়া বাড়ির পাশে বড়াল নদীর ঘাটে তার বৃদ্ধা মায়ের সাথে গোছল করতে যান। মা তাকে গোছল করতে বলে কাপড় শুকাতে দেওয়ার জন্য উপরে উঠে আসেন। ফিরে গিয়ে তাকে আর পায়নি। খবর পেয়ে এলাকার লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও নদীতে স্রােত ও কচুরিপানা থাকায় তার সন্ধান মেলেনি। শনিবার বিকেলে রাজশাহী থেকে ডুবুরী এসে পানিতে তল্লাশী করেও তার কোন সন্ধান করতে পারেননি। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে নাগডেমরা এলাকায় বড়াল নদীতে একটি লাশ ভাসতে দেখেন এলাকার লোকজন। পরে পুলিশে জানায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে লাশটি সনাক্ত করেন।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,মহিলাটির খোঁজে বা মৃতদেহ উদ্ধারে ডুবুরি চেষ্টা করেছে। পরের দিন বড়াল নদীর নাগডেমরা এলাকায় মৃতদেহটি পাওয়া যায়। ধারনা করা হচ্ছে স্রােতের কারণে সে ভেসে গিয়েছিল।