গ্রাম বাংলার অতি পরিচিত পাখির মধ্যে অন্যতম হলো বউ কথা কও পাখি। একসময় সকালে-বিকালে গাছের উঁচু ডালে বসে বউ কথা কও পাখি ডেকে যেতো ব্যকুল স্বরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায়ও বউ কথা কও পাখির উল্লেখ আছে। সময়ের সাথে গ্রাম বাংলার চিরচেনা হলুদ রঙের এই পাখিটি হারিয়ে যেতে বসেছে।
এক সময় পাবনার বেড়া উপজেলায় এই পাখির কণ্ঠ শোনা যেতো হরহামেশাই। ডাক শুনলেই চোখ যেতো পাখির দিকে। এখন আর সেই মিষ্টি ডাক শোনা যায় না। গ্রামে-গঞ্জে আরও বিভিন্ন নামে ডাকা হয় এই পখিকে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা, বৃক্ষনিধন ও পাখির বাসস্থান সম্পর্কে অজ্ঞতা ও জমিতে কীটনাশক ব্যবহারের কারণে বউ কথা কও পাখির অস্তিত্ত্ব হুমকিতে। বর্তমান সময়ের অনেকেই চেনেই না এই পাখিটিকে। বউ কথা কও পাখির ইংরেজি নাম অরিওল। গায়ের পালক উজ্জ্বল হলুদ। লেজ ও পাকার অগ্রভাগের পালক কালো। গলা ও মাথার রং চিকচিকে কালো হলে ঠোঁট ও চোখ লাল। পা দুটো হালকা কালো। পাখিটির দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার। এরা সাধারণত ঝোঁপ ঝাড়, শুকনো ডালপালা,খড়কুটো বা আগাছা দিয়ে গাছের ডালে বাসা বানায়। বসন্ত ও গ্রীষ্মের মাঝামাঝি এদের প্রজনন মৌসুম। সাদা রঙের বাদামি ফোঁটাযুক্ত তিন-চারটি ডিম পাড়ে। পুরুষ ও মেয়ে পাকি দুই জন মিলে ডিমে তা দিয়ে ১৫ থেকে ১৭ দিনে বাচ্চা ফোটায়। লম্বা ঠোঁটওয়ালা হলদে পাখিটি পোকামাকড় ও ফল খায়। বাংলাদেশ, ভারত,মিয়ানমার,ইন্দোনেশিয়া প্রভৃতি দেশগুলোতে পাখিটির দেখা পাওয়া যায়। পাখি প্রেমিকরা পাখিটিকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।