রাজশাহীর পুঠিয়ায় রান্না করতে গিয়ে চুলার আগুনে পড়ে সেতারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সেতারা বেগম উপজেলার পশ্চিমভাগ গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূ মৃগী রোগের রোগি ছিলেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও রান্নার কাজ করছিলেন। হটাৎ একসময় তিনি অসুস্থ হয়ে রান্নার চুলার ওপর পড়ে যায়। এতে তার হাত-পায়ের অংশ পুড়ে যায়। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।