অষ্টমনিষাকে মাদক- সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। ইউনিয়ন পরিষদের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে। এমন আশা ব্যক্ত করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল। তিনি আসন্ন অষ্টমনিষা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশায় মাঠ নেমেছেন এই নারী নেতৃত্ব। দলীয় সমর্থন পেতে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃনমূল নেতা-কর্মীদের সুসংগঠিত করে কাজ করে যাচ্ছেন তিনি।
জানা গেছে, সুলতানা জাহান বকুল ২০১১ সালে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলকে সু-সংগঠিত করেছেন। এ সময় তিনি এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বিশেষ করে এলাকা মাদকমুক্ত রাখতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন তিনি। এলাকায় বকুল আপা হিসেবে তিনি পরিচিত।
তিনি ১৯৬৯ সালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ¦ আবদুর রহিম মোল্লা। ব্যক্তিগত জীবনে তিনি একপুত্র ও এক কন্যা সন্তানের জননী। তাঁর শিক্ষাগতযোগ্যতা এইচএসসি পাস।
মনোনয়ন প্রত্যাশী সুলতানা জাহান বকুল আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন।আসছে নির্বাচনে দল তাঁকেই মনোনয়ন দেবেন বলে তিনি আশাবাদী।