নওগাঁর মহাদেবপুরে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ডেঙ্গু এবং করোনাভাইরাস প্রতিরোধে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম, উপজেলা সহকরী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু প্রমুখ।
কর্মশালায় ৪০ জন নারী-পুরুষ অংশ নেন।