পাবনার সুজানগরের সাতবাড়ীয়া বাসস্ট্যান্ডে নির্মিত যাত্রী ছাউনিটি দোকানী ও স্থানীয় বাসিন্দারা দখল করে নিয়েছে। এতে যাত্রীরা ঐ ছাউনিতে বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পাবনা-সুজানগর সড়কে চলমান বাসের যাত্রীদের রোদ-বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) অর্থায়নে গত এক বছর আগে ঐ যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। কিন্তু ওই যাত্রী ছাউনি নির্মাণের কিছুদিনের মধ্যে স্থানীয় একজন দোকানদার যাত্রী ছাউনিটি দখল করে নেয়। পাশা-পাশি স্থানীয় বাসিন্দারা বেশিরভাগ সময় সেখানে আড্ডা দেয়। ভুক্তভোগী যাত্রী রমজান আলী জানায়, রোদ-বৃষ্টির সময় বিশেষ করে মহিলা যাত্রীরা ঐ ছাউনিতে আশ্রয় নিয়ে থাকে। তাছাড়া বাস আসতে দেরি হলে যাত্রীরা ঐ ছাউনিতে বসে বাসের জন্য অপেক্ষ করতে পারেন। কিন্তু ছাউনিটি স্থানীয় একজন দোকানদার এবং এলাকাবাসী দখল করে নেওয়ায় যাত্রীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।