নাটোরের লালপুরে সংঘবদ্ধ ইমো হ্যাকার চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ইমো হ্যাকার বিরোধী অভিযানে লালপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার সংক্রান্ত প্রেসব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ইমো হ্যাকার বিরোধী অভিযানে ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গন্ডবিল গ্রামের কিয়ামত আলীর ছেলে জামিরুল ইসলাম জনি (২০), অমৃতপাড়া গ্রামের মৃত আ. মজিদ তারেকের ছেলে আতিক হাসান (২৩), আ. কুদ্দুসের ছেলে শিপন আলী (২৮), ইয়ার উদ্দিনের ছেলে সুমন আলী (১৯), মহারাজপুর গ্রামের আমানুল প্রাংয়ের ছেলে সিরাজুল ইসলাম মমিন (১৯), মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের জমির উদ্দিনের ছেলে লালন (২৫), বিলমাড়িয়া গ্রামের আতাহার মন্ডলের ছেলে আলম হোসেন (৩৮) এবং মেহরকয়া গ্রামের ইয়ারুল আলীর ছেলে মো. পাপ্পু আলী (১৯)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে গ্রেপ্তার সংক্রান্ত প্রেসব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।