জলবায়ুর পরিবর্তন প্রভাব মোকাবেলায় দিনাজপুরের পার্বতীপুর পৌর সভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সদ্য সমাপ্ত বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন- রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান।
গত বুধবার বিকেলে তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত দুটি প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, মোশাররফ কন্সক্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোশারফ হোসেন সমাজ, ফেয়ার কন্সক্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি গোলাম ফারুক অভি, পৌর কাউন্সিলররা ও পৌরসভার প্রকৗশল বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পৌর সভা সুত্রে জানা গেছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮৩২ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের মধ্যে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৯২০ মিটার দীর্ঘ একটি এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৮৪০ মিটার দীর্ঘ অপর একটি পয়ঃনিষ্কাশন নালা বাস্তবায়নের কাজ শুরু করা হয়। গত ২০২০ সালের জুন মাসে সমাপ্ত অর্থ বছরে বর্ধিত মেয়াদে প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়।
পার্বতীপুর পৌর সভার মেয়র এজেডএম মেনহাজুল হক বলেন, বাস্তবায়িত দুটি প্রকল্পই পৌর সভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড অতিক্রম করে পার্শ্ববর্তী তিলাই নদীতে গিয়ে পড়েছে। এর ফলে বিশেষ করে বর্ষাকালে পার্বতীপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।