গত ২০ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৫ টিতে আ'লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়েছে। একমাত্র বারাকপুর ইউনিয়নে নৌকার প্রার্থী কৌশলগত কারণে জয়ী হয়েছেন।
দিঘলিয়া সদর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও প্রাক্তন তিন বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। এ ইউনিয়নে আ'লীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক মোল্যা ফিরোজ হোসেন।যিনি তাঁর পদমর্যাদা ধরে রাখতে পুরাপুরি ব্যর্থ হওয়ায় ভোটের ব্যবধানে তৃতীয় অবস্থানে চলে গেছেন।
সেনহাটী ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী।তিনি বিগত ৫ বছরে সেনহাটি এলাকার মানুষের মন জয় করতে পেরেছেন। একজন চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া থাকে তা তিনি পূরণ করতে পেরেছেন। আর এ করণেই শত বাধা ও প্রতিকূলতার মাঝে তিনি একজন সফল চেয়ারম্যান হিসেবে জনগনের কাতারে পুণরায় ফিরে আসতে পেরেছেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। এ ইউনিয়নে আ'লীগের মনোনীত প্রার্থী ছিলেন প্রয়াত আ'লীগনেতা ও সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী আঃ হালিমের সহধর্মিণী, জেলা আ'লীগের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফারহানা হালিম। তিনি গত কয়েক বছর জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা ও কৌশল গত নানা সমস্যা থাকার কারণে তাঁর নির্বাচনে ফলাফল বিপর্যয় হয়েছে বলে এলাকার বিভিন্ন মহল জানিয়েছেন।
গাজীরহাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আঃলীগের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ.লীগ থেকে বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু। এ ইউনিয়নে আ'লীগের মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল।এখানেও নৌকা প্রতীকের প্রার্থীর স্বজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে এমন অভিমত ব্যক্ত করেছেন অনেকে।
বারাকপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আ'লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আ'লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান গাজী জাকির হোসেন। এ ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনছার আলী।
যোগীপোল ইউনিয়ন থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও খানজাহানআলী থানা থেকে বহিষ্কৃত যুবলীগের আহ্বায়ক ও কেসিসি’র প্রাক্তন প্যানেল মেয়র মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। এ ইউনিয়নে আ'লীগ মনোনীত প্রার্থী ছিলেন খানজাহান আলী থানা আ'লীগের সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত চেয়ারম্যান শেখ আনিছুর রহমান।
আড়ংঘাটা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার। এ ইউনিয়নে আ'লীগের প্রার্থী ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম জিবলু।
বারাকপুর ইউনিয়নঃ এ দিকে বারাকপুর ইউনিয়নের ১ টি কেন্দ্রে দু’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাড়া এ উপজেলার ৬ টি ইউনিয়নে সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সারাদিন মেঘলা আকাশ এবং সকালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল ৮ টায় ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো বেশি।